বিসিএস নির্বাচনে লড়ছে সমমনা বনাম মেম্বারস ভয়েস

৫ মার্চ, ২০২২ ২০:২৩  
১৬ মার্চ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ২০২২-২৪ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন । একই দিনে হবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টন। এর আগে শনিবার বিকেল বিসিএস ইনোভেশন সেন্টারে হয়ে গেলো নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা। নির্বাচন বোর্ড আয়োজিত এই সভায় প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার ভোটারদের সামনে উপস্থাপন করেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাফকাত হায়দার, সদস্য খন্দকার আতিক-ই-রব্বানি এবং শেখ কবীর আহমেদের উপস্থিতিতে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টসে জিতে প্রথমে কার্যনির্বাহী কমিটিতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ‘সমমনা’প্যানেলে তার অপর সদস্যদের পরিচয় করিয়ে দেন। এই প্যানেলে তিনি ছাড়াও রয়েছেন কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, কম্পিউটার পয়েন্ট এর স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, অরিয়েন্ট কম্পিউটার্স এর স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন, পেরিননিয়েল ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী মোজহের ইমাম চৌধুরী (পিনু), স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লি. এর চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন এবং ওয়েলকিন কম্পিউটার্স এর স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম হাজারী। এরপর ‘মেম্বারস ভয়েস’ প্যানেলে সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার পরিচয় করিয়ে দেন তার প্যানেলের সদস্যদের সঙ্গে। এই প্যানেলের অপর সদস্যরা হলেন, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি এর স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, মাইক্রোসান সিস্টেমস স্বত্বাধিকারী এস.এম ওয়াহিদুজ্জামান, পিসি গার্ডেন এর স্বত্বাধিকারী মো. আহসানুল ইসলাম, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা এবং টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পরিচয় করিয়ে দেয়ার সঙ্গে নিজ নিজ প্যানেলের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দুই প্যানেল প্রধান। এছাড়াও প্রার্থী পরিচিতি সভায় আটটি শাখা কমিটির ( বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট) নির্বাচনের প্রার্থীগণ অনলাইনে যুক্ত হয়ে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।